শুরুতে সকল গুরুকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
আজ সনাতন ধর্মের একজন মহান গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী পড়তে গিয়ে মন ভরে গেল।
আসুন দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী গুলো কি ছিল...
“গুরু, বাবা ও কর্তা -- এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তাঁর ছেলে, চিরকাল বালক, আমি আবার ‘বাবা’ কি? ঈশ্বর কর্তা আমি অকর্তা; তিনি যন্ত্রী, আমি যন্ত্র।"
“যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, ‘দূর শালা’। গুরু কিরে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই। তিনি বিনা কোন উপায় নাই। তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারী।
(ভক্ত বিজয়ের প্রতি ঠাকুরের ) -- “আচার্যগিরি করা বড় কঠিন।।ওতে নিজের হানি হয়। অমনি দশজন মানছে দেখে, পায়ের উপর পা দিয়ে বলে, ‘আমি বলছি আর তোমরা শুন’। এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত! ওই একটু মান; লোকে হদ্দ বলবে, ‘আহা বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী’। ‘আমি বলছি’ এ-জ্ঞান করো না। আমি মাকে বলি, ‘মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র; যেমন করাও তেমনি করি; যেমন বলাও তেমনি বলি।”
“যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এই সব হয়। অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি -- পাঁচজনে গণে মানে -- শিষ্য-সেবক হয়; লোকে বলবে, গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময় -- কত লোক আসছে যাচ্ছে -- শিষ্য-সেবক অনেক হয়েছে -- ঘরে জিনিসপত্র থইথই করছে! -- কত জিনিস কত লোক এনে দিচ্ছে -- সে যদি মনে করে -- তার এমন শক্তি হয়েছে যে, কত লোককে খাওয়াতে পারে।
“গুরুগিরি বেশ্যাগিরির মতো। -- ছার টাকা-কড়ি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এই সবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভাল নয়।”
“গুরুগিরি করা ভাল নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে বলে, ‘আমি গুরু’ সে হীনবুদ্ধি। দাঁড়িপাল্লা দেখ নাই? হালকা দিকটা উঁচু হয়, যে ব্যক্তি নিজে উঁচু হয়, সে হালকা। সকলেই গুরু হতে যায়! -- শিষ্য পাওয়া যায় না!”
সূত্র -শ্রীরামকৃষ্ণকথামৃত
ঠাকুর রামকৃষ্ণ উনার প্রতিটি কথায় গুরুবাদের নিন্দা করেছেন। তাই আসুন গুরুবাদকে ত্যাগ করে গুরুকে ভালবাসি। গুরুর দেখানো সেই বৈদিক পথেই চলুন সবাই বেদের নির্দেশ মতে জীবন গড়ি।
শ্রী বিজয় বিদ্যার্থী
(সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম)

0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার